এক্সে চালু হলো অর্থ লেনদেন–সুবিধা, কেনাকাটাও করা যাবে

Share
Share

নতুন আর্থিক সেবা ‘এক্স মানি’ চালু করেছে ইলন মাস্কের মালিকানাধীন খুদে ব্লগ লেখার সাইট এক্স (সাবেক টুইটার)। প্রথম ধাপে যুক্তরাষ্ট্রে বসবাসকারী অর্থের বিনিময়ে (পেইড) এক্স ব্যবহারকারীদের জন্য সুবিধাটি চালু করা হয়েছে। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে তাৎক্ষণিক অর্থ লেনদেনের পাশাপাশি ক্যাশব্যাক, বার্ষিক মুনাফাসহ বিভিন্ন আর্থিক সুবিধা পাওয়া যাবে।

এক্সের তথ্যমতে, এক্স মানি ব্যবহারকারীদের একটি ডিজিটাল ভিসা ডেবিট কার্ড দেওয়া হবে, যা তাৎক্ষণিকভাবে অ্যাপল পে-তে যুক্ত করা যাবে। পরে তাদের একটি বাস্তব (ফিজিক্যাল) ভিসা ডেবিট কার্ডও দেওয়া হবে। কার্ডটির মাধ্যমে বিদেশে লেনদেনের সময় অতিরিক্ত ফি দিতে হবে না। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের এটিএম থেকে বিনা খরচে নগদ অর্থ তোলার সুবিধাও থাকবে। ফলে এক্সের মাধ্যমে বাড়তি অর্থ খরচ না করেই তাৎক্ষণিকভাবে অর্থ আদান-প্রদান করা যাবে।

এক্সের প্রিমিয়াম প্লাস ব্যবহারকারীরা জমা রাখা অর্থের ওপর বার্ষিক ৬ শতাংশ হারে মুনাফা (এপিওয়াই) পাবেন। এ ছাড়া নির্দিষ্ট কিছু কেনাকাটায় সর্বোচ্চ ৩ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাবেন তাঁরা। ডাইরেক্ট ডিপোজিটের সুবিধা চালু থাকলে নির্ধারিত সময়ের কয়েক দিন আগেই নতুন করে জমা হওয়া অর্থ ব্যবহার করা যাবে।

এক্স মানি চালুর মাধ্যমে ইলন মাস্ক তাঁর দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন। টুইটার অধিগ্রহণের পর থেকেই ইলন মাস্ক বলে আসছেন, তিনি এক্সকে একটি ‘এভরিথিং অ্যাপ’ প্ল্যাটফর্মে পরিণত করতে চান, যেখানে সামাজিক যোগাযোগের পাশাপাশি অর্থ লেনদেন, কেনাকাটা এবং অন্যান্য ডিজিটাল সেবা পাওয়া যাবে।

সূত্র: টেকক্রাঞ্চ

Share

ট্রেন্ডিং

Duolingo নয়, ChatGPT! মাত্র ৭ দিনে শিখুন Real-Life English

ইংরেজি শেখার জন্য আপনি কি মাসের পর মাস অ্যাপ ব্যবহার করছেন, কিন্তু বাস্তবে কথা বলতে গেলেই আটকে যাচ্ছেন? তাহলে আপনার শেখার পদ্ধতিটাই হয়তো...

সর্বশেষ সংযোজন

মধ্যপ্রাচ্যে বাড়ছে স্ক্যাফোল্ডারের চাহিদা, দক্ষ জনবল তৈরিতে এনএসডিএর উদ্যোগ

কনস্ট্রাকশন সেক্টরে ভবন নির্মাণ থেকে শুরু করে বড় বড় অবকাঠামো প্রকল্প- সবখানেই প্রয়োজন স্ক্যাফোল্ডিং। আর এই কাজে দক্ষ জনবলের চাহিদা দিন দিন বাড়ছে।...